আশ্রমের নতুন উদ্যোগ
ভিন্নতর সফল জীবনের আকাঙ্ক্ষা নিয়ে বিপুল সংখ্যক বাঙালি এখন পশ্চিমা দেশে অভিগমন করছে। আর সব অভিবাসীর মত তারাও নতুন দেশে শেকড় প্রথিত করতে নিরন্তর সংগ্রামে লিপ্ত। ক্রমে এক সময়ের অচেনা দেশ নিজের অজান্তে তাদের আপন দেশে পরিণত হয়। তা সত্ত্বেও ভাষা আর সংস্কৃতির ভিন্নতার কারণে তারা তাদের বিচ্ছিন্নতার অনুভূতি সহজে মুছে ফেলতে পারে না ।
সাহিত্য-সংস্কৃতি চর্চা শেকড়ের সাথে সংযোগ রক্ষা করতে সহযোগিতা করে। এই ধারণা দ্বারা প্রভাবিত হয়ে আমরা অটোয়া থেকে আশ্রম প্রকাশ করতে শুরু করি ২০০৯ সালে। সময়ের বিবর্তনে আশ্রম -এর লেখক ও পাঠক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা কিছুটা হতাশার সাথে লক্ষ্য করি যে আশ্রম অটোয়া এবং সামগ্রিকভাবে কানাডার তরুণ বাঙালি প্রজন্মকে আকৃষ্ট করতে সক্ষম হয়নি। অনুরূপভাবে আমরা বাংলাদেশী-কানাডিয়ান এবং অন্যান্য কানাডিয়ানদের মধ্যে সংযোগও তৈরি করতে পারিনি। ম্যাগাজিনের ভাষা এর অন্যতম প্রধান কারণ। কানাডায় বেড়ে ওঠা বাঙালি বাবা-মায়ের সন্তানরা বাংলা পড়তে ও লিখতে প্রশিক্ষিত নয়। এর ব্যতিক্রম যে নাই তা নয়। তবে আমাদের ভাল না লাগলেও এটা স্বীকার করে নিতে হবে যে বাংলা তাদের ভাষা নয় – তাদের ভাষা ইংরেজি। আমরা কেবল তখনই তাদের সাথে সফলভাবে সংযোগ তৈরি করতে পারব যখন আশ্রম তাদের ভাষা ব্যবহার করবে।
এই উপলব্ধি থেকে আমরা সম্প্রতি আশ্রম পুনর্গঠন করে ইংরেজি-বাংলা দ্বিভাষিক ম্যাগাজিনে পরিণত করেছি। নতুনভাবে তৈরি ওয়েবসাইটিতে এখন উভয় ভাষার সংস্করণের জন্য আলাদা প্ল্যাটফর্ম রয়েছে। ব্যবহারকারীরা চাইলে এখন সহজেই ইংরেজি সংস্করণের সাইট asharmbd.com থেকে বাংলা সংস্করণের সাইট bn.ashrambd.com এ পার যেতে পারবে। আর যারা শুধুমাত্র ইংরেজিতে প্রশিক্ষিত, তারা স্বাধীনভাবে ইংরেজি সংস্করণটি ব্যবহার করতে পারবে।
আমরা আশা করি, আশ্রমের এই পুনর্গঠন অটোয়ার ও কানাডার নতুন প্রজন্মের বাঙালিদের আশ্রম পড়তে ও আশ্রমে লিখতে আগ্রহি করে তুলতে পারবে। আমরা এও আশা করি যে এই নতুন উদ্যোগের মাধ্যমে, আমরা বিভিন্ন সংস্কৃতির লেখক-লেখিকাদের আশ্রমে লিখতে এবং বহুসংস্কৃতির উপকারিতা তুলে ধরতে উৎসাহিত করতে পারব।
আমরা জানি যে প্রত্যাশা সহজে সাফল্যে রূপান্তরিত হয় না। কিন্তু আমরা আশাবাদী এজন্য যে বিবিধ বৈরিতার মাঝেও আশ্রম দেড় যুগ ধরে টিকে আছে। আশ্রমের পাঠক ও লেখক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ছাড়া এই দীর্ঘ পথ পরিক্রম করা সম্ভব হত না। আমাদের এই অভিজ্ঞতার আলোকে আমরা আশা করি যে আমাদের নতুন উদ্যোগের প্রতি সবার সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে।
অটোয়া।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!