রথের মেলা - কমল ঘোষ
লেখক: Ashram Magazine
রথের মেলার ধর্ম আছে,
বুঝি নি তো আগে।
রথের মেলায় গিয়েছি,
পাঁপড়ের অনুরাগে।
এই বার্ধক্যে এসে বুঝেছি,
ধর্মটা বেশ বড়।
রথ তুমি দাও বিভেদ মুছে,
মিলনের সেতু গড়।
পরনে তখন হাফপ্যান্ট,
পায়েতে নেই চটি।
রথের মেলায় দিতাম ছুট,
দুপুরে খেয়ে দুটি।
ইদ্রিশ, আনোয়ার, হারুনেরা,
জুটত সেথা এসে।
সবাই হারিয়ে যেতম,
আনন্দ উচ্ছ্বাসে।
ঝম ঝম ঝম বৃষ্টি এলে,
মাঠটা হত পিছল।
হারাতো না মুখের হাসি,
থাকতো সবাই উছল।
দোকানীরা বিকি-কিনিতে,
ভীষণ ভীষণ খুশি।
মেলা দেখে ফিরত সবাই,
ব্যাগে পসরা ঠুসি।
মাটির পুতুল আসত ঘরে,
বেশ সাজতো ঘরখানা।
প্লাস্টিকের সম্ভার এসে,
দেয় নি তখনও হানা।
সে দিন থেকে আজের মেলা,
চল্লিশটা সন দূরে।
বাজায় সে যে প্রাণে বাঁশি,
একই ছন্দে - সুরে।
কমল ঘোষ। পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!