অধরা ভাবনা গুলো - মুহাঃ হাবিবুর রহমান

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২৬, ২০২২ | দেখা হয়েছে: ৭২৬ বার

তাকে ছাড়া মোর কেটে গেছে দিন আগামীও যাবে জানি
প্রভাত ফুটেছে রাত্রি শেষে, প্রজাপতি আর ফুলে হয়েছে কানাকানি।

তাকে ছাড়া ভেবেছি মনে, শব্দে গেথেছি কাব্য মালা
লিখেছি পড়েছি হরষে বিষাদে হাসি কান্নায় হৃদয় উতলা।

সেই ছায়া স্বপ্ন কায়া রঙিন ভাবনার দিন গুলি ভাসে চোখে
সব হারা, শূন্যতা বেঁধে নিয়তির ডোরে কাঁদেনি বিষম শোকে।

আজও আমার দিন শুরু হয় নিজের মতো করে
ভাবনা গুলো একান্তই আমার আমাকেই ঘিরে ধরে।

পায়ে পায়ে থাকে ছায়া অবিরাম যেখানে যেমন যাই
ছায়া ও আমি নিবিড় বাঁধনে নিশি দিন আছি জড়াই।

আজও মেঠ পথে বুনো ফুল ঝরে ধুলোয় লুটায় রেনু
রাখালের বাঁশি দূর গাঁয়ে শুনি গোয়ালে ডাকে ধেনু।

সাঁঝের পিদিম জ্বলে আর নেভে গাঁয়ের বধুর হাতে
জোনাকিরা জ্বলে বন বাদাড়ে কৃষ্ণ পক্ষ রাতে।

সেই ফুল আর জোনাক জ্বলা রাতের নীরবতা জুড়ে
ছিলেনা তুমি, নাই হয়ে গেলে অনেক না পাওয়ার ভীড়ে।

মুহাঃ হাবিবুর রহমান 
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন