তপনকান্তি মুখার্জি'র দু'টি কবিতা

প্রকাশিত হয়েছে : নভেম্বর ২০, ২০২১ | দেখা হয়েছে: ৭৬৮ বার

সর্বনেশে ডাক 
সেদিন কোজাগরী পূর্ণিমা, রাত জাগছে সবাই। নদী ডাকল তাকে। 
নদীর চোখে কামনা, নিঃশ্বাসে আগুন, 
বুকে চাঁদ, ঘাটের সিঁড়িতে ছলাতছলাত। 
নদীকে ছুঁতেই ছড়ানো আনন্দ। 
সে খুঁটে খুঁটে তুলতে লাগল - দুষ্টুহাসি, পঞ্চশর, 
শৃঙ্গারবাসনা। 
সে একবার নদীর বুকে, একবার নদী তার বুকে। 
এ করতে করতেই ভরাযৌবনা নদী টেনে নিল তাকে 
অনন্ত ঘুমে। 

রূপবতী 
একটু বৃষ্টিতেই আজকাল নদী বয় শহরে। 
এ নদীর কোনও নাম নেই, ধাম নেই, 
দুদিন পরেই ভোঁকাট্টা। 
এ নদীর কোনও বন্ধু নেই, তবু এখানেও কাগজ - নৌকো 
ভাসে, দামাল ছেলেরা জলছপছপ খেলে, খোলাম ছোটে জল কেটে কেটে। 
মাঝরাতে এ নদী কাঁদায়, ভাসায়। 
বুকচিরে বয়, তবু বুকে থাকে না কিছুতেই। 
রক্তক্ষরণ হয়, আবার মুছেও যায় অশ্রুতে। 
হনহন করে পিছু হাঁটে ভাবলেশহীন মুখে। 
এ নদী নিয়ে কী করব বলোতো? 

তপনকান্তি মুখার্জি। পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন