তুমি চলে যাবার পর - সুনির্মল বসু

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : নভেম্বর ১৫, ২০২১ | দেখা হয়েছে: ১৫২৬ বার

কটু একটু করে তুমি দূরে চলে গেলে
একবারও আমার দিকে ফিরে চাইলে না,
আমাদের ভালোবাসা তখন শীর্না নদী
সেখানে শুধুই বালু চিকচিক
কোথাও এতটুকু জলের উতরোল ঢেউ নেই,
যেন ঊষর মরুভূমির আশ্লেষ
এমন তো কখনো ভাবিনি।

রিমঝিম বৃষ্টি ভেজা দিনগুলো
পলাশ বনে কাটানো বিকেলগুলো
রাধাচূড়া কৃষ্ণচূড়ার মহাদেবচূড়ার
সকাল দুপুর মনে পড়ছিল,
মনে পড়ছিল -ধ্রুবতারার পাশে
অরুন্ধতীকে দেখার রাতগুলো।

তুমি চলে গেলে
একবুক কান্না পড়ে রইলো
আমাকে দেওয়া তোমার
শেষ উপহার।

আমার ভালোবাসা ক্যামেরাবন্দী নয়,
আমার ভালোবাসা বৈশাখী ঝড়
মন্ময় বেদনায় বিস্ফারিত উত্তাল নদী,
কিংবা খাঁড়ি পেরিয়ে মোহনার মুখ
তুমি তা জানলে না
জানতে চাইলে না,
ভালোবাসার উষ্ম প্রস্রবণ দেখা
দিনগুলো আমি ভুলিনি।
ভুলতে পারলে ভালো হতো,
ভোলা গেল না
কী আর করা যাবে !

তুমি যাবে যখন,যাও -
শুদ্ধতায় যাও মুগ্ধতায় যাও,
আমার ভালোবাসা চিরকাল
তোমার সঙ্গে যাবে,
মধুছন্দা,
আমার অন্তহীন ভালোবাসা
কখনো ফুরিয়ে যায় না।

সুনির্মল বসু
নবপল্লী, বাটানগর
দক্ষিণ 24 পরগনা, কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন