তীর্থঙ্কর সুমিতের তিনটি কবিতা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুন ১৫, ২০২৪ | দেখা হয়েছে: ৫০৬ বার

(১) আরও একটা দিন

মুছে যাওয়া দিনগুলো
এখন আয়নার কথা বলে
এক পা, দু পা - প্রতি পায়ে পায়ে
ইতিহাস জড়িয়ে থাকে
কথা পাল্টানো মুহূর্তে...
"তুমি" নামে একটা ছায়া
আজ অতীতের দরজায় কড়া নাড়ে
ব্যর্থ পরিহাসের কথনে

অসমাপ্ত চিঠি আমার বালিশের নিচে
চোখের জলের...

আরও একটা দিন।।

(২) বাকি গল্প

সময়গুলো এখন বড় খাপছাড়া
সময়ের তাগিদে লিখে রাখা যত চিঠি
এখন আমার বইয়ের টেবিলজুড়ে
নানা আছিলায় আমার কালো কালির "পেন" টা
এখন ভাঙ্গনের গল্প লেখে
নদীর কাছে দাঁড়িয়ে যে বিশ্বাসের প্রতিশ্রুতি নিয়েছিলাম
আজ ভগ্নাংশের হিসাবে অতীত বলার দাবী রেখেছে
মুহূর্তে কত কিছু বদলে যায়
ঘড়ির ব্যাটারিটাও এখন স্থগিদ

আর আমি...

এসো এক কাপ চা খেতে খেতে বাকি গল্পটা বলি।।

(৩) অন্য পৃথিবী

কাশ রঙে যে মেঘের ছবি দেখেছি
আজ তা অতীত
সময়ের ক্যানভাসে এখন সব রঙই কালো
নীল, সবুজ অথবা লালের পরিবর্তন
ঘটবে এটাই ধ্রুব সত্য
যেমনভাবে তোমার হাত এখন বদলে
মায়া জড়ানো চাদর হয়েছে...
আর নিঃশ্বাসের সরলতা

ক্রমশঃ বদলাতে বদলাতে মিশে গেছে অন্য পৃথিবীর বুকে।।

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন