শরত এলো - দুলাল রায়

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : আগস্ট ২৯, ২০২০ | দেখা হয়েছে: ৮৪৯ বার

রত এলো নীল আকাশে 
সাদা মেঘের ভেলায়, 
একলা জেগে একফালি চাঁদ, 
হাজার তারার মেলায়।

শরত এলো কাশবনেতে
নদীর কিনার জুড়ে, 
রাখাল বাজায় পাতার বাঁশি, 
মিষ্টি মধুর সুরে। 

শরত এলো উঠোন জুড়ে 
জুঁই-মালতী ফুলে, 
হিমঝুড়ি আর গগনশিরীষ, 
ফুটল হেলে দুলে। 

শরত এলো শাপলা শালুক 
উঠল ফুটে হেসে, 
কামিনী আর শেফালিকাও 
ফুটল অবশেষে। 

শরত এলো শিউলি তলায়
খোকা খুকুর হাসি, 
গাঁথবে মালা গুনগুনিয়ে 
মানছে না বাঁধ খুশি। 

শরত এলো শিশির ভেঁজা 
আলতা রাঙা পায়ে, 
চুপটিকরে নরম শীতের 
পাতলা চাঁদর গায়ে। 

শরত এলো পাকা তালের 
মিস্টি স্বাদের রসে, 
পিঠে খাওয়ার পড়ল যে ধুম, 
ভরা ভাদর মাসে। 
শরত এলো বসল পাড়ায় 
পালা গানের আসর,
গুণাই-বিবি, মিলন-মালা, 
লক্ষীন্দরের বাসর। 

শরত এলো ঢ্যাং কুড়াকুড় 
আগমনীর সুরে, 
ঋতুর রানী শরত এলো 
মেঘের ভেলায় চড়ে।

দুলাল রায়। নীলফামারী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন