অবিচ্যুয়ারী

লেখক: জাকিউল ফারুকী
প্রকাশিত হয়েছে : মার্চ ১১, ২০২৬ | দেখা হয়েছে: ১৮২ বার

দিনাজউদ্দিন স্যারের হাতের লেখা 
নকল করে লিখে ও শিখে
নাম করে ফেলেছিলাম,
আমার হাতের লেখা জীবনে অনেকের
ঈর্ষার কারণ ছিলো।
রিয়াজউদ্দিন স্যার পরীক্ষার খাতায় নম্বর দিয়ে
পরদিন অন্য পরীক্ষার সময় এসে পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলতেন,
তুমিই এখন পর্যন্ত হাইয়েস্ট,
কি করে তুমি এমন সুন্দর লিখো -বলতো।

সেই হাতের লেখা, কদাচিৎ স্বাক্ষরে এসে ঠেকেছে
সেদিন ন্যুইয়র্কে আঙ্গুলের ছাপ আর স্বাক্ষর দিতে, টেবিলের সামনে কালি বিহীন ডিজিটাল
কলমটা ভালো করে হাতে ধরে
স্বাক্ষর করতে গিয়ে,
টের পেলাম আগের মতো হলোনা।

জীবনটা বদলে গেলো, 
স্বাক্ষরের মধ্যেই প্রথম টের পাই, 
কতো তাড়াতাড়ি বন্ধুরা,
তাদের পত্নীরা লোকান্তরিত হয়ে যাচ্ছে।
আজ আবার আবু -হামিদ ভাই চলে গেলেন।
রংপুরের মানুষ হওয়ায়, একটু বাড়তি স্নেহ ভালোবাসা ওনার কাছ থেকে সবসময় পেতাম।
একটা গ্রুপ ছবিতে দেখলাম, হান্নান, মাহতাব
শাফায়াত, আবু, আটজনের চারজন নাই।

সত্তর পেরিয়ে যাবার সময়, এমন ঝড়!
মনে হয় সব কিছু মিলিয়ে যাবে।
সবার পরকালের একটা নিঃশব্দ ডাক 
অপেক্ষা করছে, 
মনে হয়, 
বাঁশবনে দারুণ হাওয়ার শনশন,
কে যে কখন নিঃশব্দে পথ ধরে চলে যাবে

পদ্মার পাড় রয়ে যাবে,
সেই একাডেমিক বিল্ডিং,
কাশিম/ খালিদ/ তারিক হাউজ সব রয়ে যাবে,
ভেতরে বসবাস করা সেই ১৯৬৬-২০২৪
অজস্র স্বপ্নের সমাধি
হতে থাকবে, এমনিই নিয়ম।

জাকিউল ফারুকী

নিউ জার্সি প্রবাসী কবি ও অবসরপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা দশটি।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন