বিজয়ের লাল সবুজ পতাকা - এম এ ওয়াজেদ

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১৬, ২০২৩ | দেখা হয়েছে: ৫২৫ বার

পিশাচের  অগ্নি ফলায় ধ্বংসের প্রলয় নৃত্য
সামরিক বুটের পৌরুষহীন কাপুরুষ উন্মাদ
বৃক্ষশোভিতা শ্যামলা ভূমির উদার জমিনে
শুরু করে ধ্বংস- দৈত্যের চেঙ্গিসী বর্বরতা
পায়ে দলে যুদ্ধের মৌলিক নীতিমালা
নিষ্পাপ মৃত্যুর দৃশ্যপটে মঞ্চস্থ হয়
ব্যথিত নৈবেদ্যের শ্লোকাত্মক সংকলন ।

শাইলকীয় শুঁড়িখানার আনাড়ি শৌচাগারে
জারি ছিল অকৃতজ্ঞতার নির্ভেজাল কপটতা
ওরা ছিল ধর্মহীন ধর্মোপদেষ্টার ধস্তবিধস্ত ছায়াছবি
সহজাত ছিল লম্পটের বিকট বৈরিতার শোভিত দুর্বৃত্ত
চিকিৎসার অতীত মানসিক নষ্টাচারের ব্যাধি
লীলাত্নক দেহের বর্ম ছিল কান্তিহীন সৌষ্ঠব্যহীন
যেন বৎস্যহীনা অপ্সরীর দৃষ্টিহীনা পানকৌড়ি।

নেমে আসে আবর্তনশীল ইতিহাসের প্রতিশোধ
ধ্বনিত হয় মজলুমের অপরাজেয় বিজয়ী ক্যানভাস
এগিয়ে চলে রেসকোর্সের ময়দানে
অমার্জনীয় মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের পরাজিত অপরাধী
স্বাক্ষর করে আত্মসমর্পণের দলিলে
বদ্বীপের রক্তস্নাত মুক্ত বাতাসে
উড়তে থাকে বিজয়ের লাল সবুজ পতাকা।

এম এ ওয়াজেদ
নওগাঁ সদর, নওগাঁ
বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন