উইন্ডসরে আন্তর্জাতিক মাতৃভাষা উৎসব ২০২৬
ভাষাগত অধিকার ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করে সম্প্রতি বাংলাদেশ–কানাডা অ্যাসোসিয়েশন অব উইন্ডসর–এসেক্স (BCAWE) আন্তর্জাতিক মাতৃভাষা উৎসব (IMLF) উপলক্ষে এক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অন্টারিওর উইন্ডসরের ক্যাবোটো ক্লাবে আয়োজিত অনুষ্ঠানটিতে কানাডায় বসবাসরত ২১টি দেশের প্রতিনিধির পাশাপাশি অসংখ্য সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়, যা ভাষা, ঐতিহ্য ও শিল্পকলার এক সমৃদ্ধ বৈচিত্র্যময় চিত্র তুলে ধরে।
কানাডায় বিল S-214 — আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইন — ২০২৩ সালে রয়্যাল অ্যাসেন্ট প্রাপ্ত হওয়ার পর এই উদযাপন নতুন তাৎপর্য লাভ করেছে, যার মাধ্যমে দিবসটি সারা দেশে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশ–কানাডা অ্যাসোসিয়েশন অব উইন্ডসর–এসেক্সের সভাপতি জালাল উদ্দিনের স্বাগত বক্তব্যের পর আমন্ত্রিত অতিথি ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বিশিষ্ট অতিথি বক্তাদের মধ্যে ছিলেন এমপি হার্ব গিল (উইন্ডসর ওয়েস্ট) এবং এমপিপি লিসা গ্রেটজকি (উইন্ডসর ওয়েস্ট)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর অ্যাঞ্জেলো মেলিগনানি, কাউন্সিলর রেনাল্ডো আগোস্তিনো, উইন্ডসর ও এসেক্স কাউন্টির মাল্টিকালচারাল কাউন্সিলের সভাপতি ড. সাদ জাসি, বাংলাদেশের কনসুলেট জেনারেলের প্রতিনিধি মোঃ শাহ আলম খোকন এবং মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির (MLLWS) পরিচালক সাইফুল ভূইয়া। তাঁরা সবাই শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উৎসবের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেন। বক্তারা তাদের আলোচনায় একমত প্রকাশ করে বলেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা উৎসব একতা, পারস্পরিক বোঝাপড়া এবং ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতির এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। এই উদযাপনের মাধ্যমে উইন্ডসর গর্বের সঙ্গে বহুসংস্কৃতিবাদে তার অঙ্গীকার এবং বিশ্বব্যাপী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় তুলে ধরবে।
মাল্টিকালচারাল কাউন্সিল অব উইন্ডসর (MCC), সাউথ এশিয়ান সেন্টার, দেশি বাজার, এসভি স্কুল অব ড্যান্স, রিয়েলটর লরি ডারোসি, মনট্যাক্স অ্যাকাউন্টিং, উইন্ডসর এসেক্স কমিউনিটি ফাউন্ডেশন, উইমেন’স এন্টারপ্রাইজ স্কিলস ট্রেনিং অব উইন্ডসর (WEST), রিয়েলটর মোহাম্মদ মান্নান, RENOV8011, তানিম আলম মর্টগেজ ব্রোকার এবং জুহের তুহিন – ড্রাইভিং ইনস্ট্রাক্টর, প্রমুখ পৃষ্ঠপোষকদের সার্বিক সহযোগিতায় IMLF ২০২৬ আয়োজন করা হয়।







এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!